পাবনায় ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার—পলাতক ১
স্টাফ রিপোর্টার :
পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ১০০টি ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও এক আসামি পালিয়ে যায়।
রোববার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়া এলাকায় ইছামতি নদীসংলগ্ন একটি দোচালা ঘরের পেছনে অভিযান চালিয়ে মো. শাকিল (২০) নামের এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা ডারবি সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া উপজেলার সিলন্দা বড় মসজিদপাড়া এলাকায় পলাতক আসামি স্বপন ফকিরের বসতবাড়ির উঠানে অভিযান চালানো হয়। এ সময় মো. সবুজ প্রামাণিক (৩১) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন ফকির পালিয়ে যায়। পরে সবুজের প্যান্টের পকেট থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং স্বপনের ফেলে যাওয়া একটি শপিং ব্যাগ থেকে ১০০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাকিল সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়ার মো. আলম মোল্লার ছেলে এবং সবুজ প্রামাণিক আটিয়াপাড়া গ্রামের মো. ইয়াকুব প্রামাণিকের ছেলে। পলাতক স্বপন ফকির সিলন্দা বড় মসজিদপাড়া গ্রামের মৃত ময়েন ফকিরের ছেলে।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পাবনার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাঁথিয়াসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় পৃথক নিয়মিত মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি
আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments
Post a Comment