সাঁথিয়ায় গাঁজা ও হেরোইনসহ আটক—১
আব্দুল মোমিন সাগর :
পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানের সময় আরও পাঁচজন পালিয়ে গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলন্দা বাজার এলাকায় অবস্থানকালে নলভাঙ্গা গ্রামে জনৈক সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করে। এ সময় রতনকে আটক করা হয়। তবে মোঃ আল মামুন (২০) পালিয়ে যায়।
আটক রতনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা এবং তার প্যান্টের পকেট থেকে একটি ব্যবহৃত ভিভো ভি ২৫ (VIVO V25) মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ফেলে যাওয়া আল মামুনের ব্যবহৃত পালসার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ তল্লাশি করে আরও ২ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে আটক রতনের দেওয়া তথ্যের ভিত্তিতে নাগডেমরা ইউনিয়নের সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাটখড়ির আঁটির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, এ ঘটনায় আল মামুন ছাড়াও মোঃ রেজা প্রাং (৩৫), মোঃ হাফিজুল প্রাং (২৫), মোঃ মহিদুল প্রাং (২২) ও মোঃ নাঈমুল প্রাং (২০) পলাতক রয়েছে।
আটক রতন সাঁথিয়া উপজেলার পাইকসা গ্রামের মোঃ জুলহাকের ছেলে। পলাতকদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment