আটঘরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার :
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির পর প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলাসহ একটি বিস্ফোরক মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।
সিএনএফ টিভি

Comments
Post a Comment