পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার—১
নিজস্ব প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার ছাতিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে ৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিশাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মর্নিং সান কিন্ডার গার্টেন স্কুলের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা মোঃ বিশাল হোসেনকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত সাদা পলিথিনে রাখা ৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত বিশাল হোসেন ছাতিয়ানী গ্রামের মোঃ রাকিবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অভিযানের সময় তাকে আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে আসামি ও ডিবি পুলিশের একজন সদস্য সামান্য আহত হন।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment