পাবনায় ৭৫ টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
আব্দুল মোমিন সাগর :
পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার সেলিম হোসেন পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার (মোক্তবের পিছনে) বাসিন্দা। তার বাবার নাম মোঃ আকরাম হোসেন।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌরসভার গাছপাড়া গোলচত্বর সংলগ্ন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে জিপারযুক্ত নীল পলিথিনে রাখা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে সেলিম ও ডিবি পুলিশের কনস্টেবল মোঃ উজ্বল আলী সামান্য আহত হন। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment