চাটমোহরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
আব্দুল মোমিন সাগর :
পাবনার চাটমোহরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাটমোহর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোডে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন (২৩) ও মো. সোহেল শেখ (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ইমরান হোসেনের কাছ থেকে ৬০ পিস এবং সোহেল শেখের কাছ থেকে ৪০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মোট ওজন ১০ গ্রাম।
অপরদিকে, চাটমোহর থানাধীন পূর্ব টিয়ার তলা গ্রামে পাবনা-চাটমোহর সড়কে জনৈক জয়নালের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. রাব্বী ইসলাম (২১) ও মো. হাফিজুল ইসলাম (২০) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ পিস করে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ৫ গ্রাম।
গ্রেফতার চারজনের কাছ থেকে পৃথক দুই অভিযানে সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment