পূর্ব শত্রুতার জেরে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত মহিরুদ্দিন প্রামাণিকের ছেলে আবু বক্কর প্রামাণিক (৮০)-এর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রথম প্রহর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু বক্কর প্রামাণিক জানান, তার প্রতিবেশী মৃত রাজ্জাকের ছেলে শাকিল ও মৃত আজিজুল শেখের ছেলে ইকবালসহ ৮ থেকে ১০ জনের একটি দল রাতের আঁধারে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তার অভিযোগ, ইকবাল নিজেকে ছাত্র হত্যা মামলার আসামি আবু সাঈদ চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। আবু বক্কর আরও অভিযোগ করেন, এর আগেও তাদের বাড়ি থেকে গরু-বাছুর ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি জানান, তার এক ছেলে দীর্ঘ ২০ বছর ধরে বাড়িতে আসতে পারেন না। বাড়িতে ফিরলে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় তিনি বাড়িতে আসেন না। তার ছেলেকে এর আগে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন আবু বক্কর। ভুক্তভোগী আবু বক্করের পুত্রবধূ হুলিয়া খাতুন (৩৫) জানান, দুই দিন আগে তার স্বামী বিদেশ থেকে নগদ ২ লাখ টাকা পাঠিয়েছিলেন। আগুনে সেই ২ লাখ টাকা, ৫০ মণ পেঁয়াজ ও ৮ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় তারা বাড়িতেই উপস্থিত ছিলেন। পাড়া-প্রতিবেশীদের সহায়তায় তারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগী আবু বক্কর জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে মামলা করতে কিছুটা সময় লাগছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইকবাল ও অন্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এদিকে খবর পেয়ে ডিএসবি পাবনার এসআই হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মুঠোফোনে জানান, আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি সত্য। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার