পণ্য পরিবহন খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান শিমুল বিশ্বাসের

নিজস্ব প্রতিবেদক : সড়ক-মহাসড়কে চলাচলরত ট্রাক, প্রাইম মুভার, ট্রেইলারসহ পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যা সমাধান এবং সংশ্লিষ্টদের দাবিসমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ১২ আগস্ট বিকালে রাজধানী ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের উত্থাপিত ১১ দফা দাবি, লকআউট কর্মসূচি এবং পণ্য পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির নেতা ও সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভায় শিমুল বিশ্বাস বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার কোনো বিকল্প নেই। ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার মালিক-শ্রমিকরা নানা সমস্যার মধ্য দিয়ে পণ্য পরিবহন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। পণ্য পরিবহন খাতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হলে এর প্রভাব সরাসরি দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের ওপর পড়ে। তাই আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে পরিবহন ব্যবস্থা সচল রাখতে হবে। শিমুল বিশ্বাস আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। শ্রমিকদের অধিকার ও মালিকদের যৌক্তিক দাবির মধ্যে সমন্বয় রেখে একটি স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। তিনি পণ্য পরিবহন খাতের সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিক-শ্রমিক নেতাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তা, পণ্য পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার