ডিবির অভিযানে পাবনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মোমিন সাগর : পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ৮০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাজাহান শেখ (৫০), পিতা- মৃত শুকুর শেখ। তার স্থায়ী বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়ায় বসবাস করেন। অপরজন মো. রুহুল আমিন শেখ (৩৭), পিতা- মৃত সোরহাব শেখ। তার বাড়িও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়া এলাকায়। ডিবি পুলিশের দাবি, তল্লাশিকালে শাজাহান শেখের কাছ থেকে ৪০ এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ সহ মোট ৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুজানগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার