পাবনায় ট্রান্সফরমার চুরির রহস্য উদঘাটন চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ৬

আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পাবনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে দোগাছী ইউনিয়নের চর কোমরপুরে পদ্মা নদীর চরের বিএডিসির সেচ প্রকল্প সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের একটি ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় সেচ প্রকল্পের কৃষক মো. শাহিনুর রহমান পাবনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি মো. জীবনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ট্রান্সফরমারের দুটি কভার, ৯ দশমিক ২ কেজি চিকন তামার তার, ৭ দশমিক ২ কেজি মোটা ও চ্যাপ্টা তামার তার এবং ৩৩ কেজি ওজনের টিনের কোর প্লেট। এছাড়া চুরির কাজে ব্যবহৃত ৩টি হাতুড়ি, ৭টি মুগুর, ২টি সেলাই রেঞ্চ, ২টি কাটার প্লাস, একটি প্লাস, হ্যাকসো ফ্রেম ও ২টি ব্লেড, একটি লম্বা রশি, একটি লোহার শাবল, একটি লোহার রড, ২টি ডাল রেঞ্চ এবং একটি থ্রি-হুইলার সিএনজিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের মো. উজ্জ্বল (৩৮), নাটোরের সিংড়া উপজেলার স্থায়ী বাসিন্দা বর্তমানে পাবনা সদরের সিংগা বাজার এলাকার মো. আরমান ফকির (৩৮), আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. জহুরুল ইসলাম (৩০), পাবনা সদরের পয়দা রহিমপুর গ্রামের মো. দুলাল ফকির (৩৫), আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৩০) এবং পাবনা সদরের চর ঘোষপুর গ্রামের মো. জীবন (২৮)। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। পাশাপাশি চরাঞ্চলের কৃষি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার