পাবনায় ভেজাল মশলা তৈরির কারখানায় বিপুল নকল পণ্য জব্দ ডিবির

আব্দুল মোমিন সাগর, পাবনা : পাবনা শহরে ভেজাল ম্যাজিক মশলা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মো. সবুজ ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেন। রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল লেবেলযুক্ত ৮ কাটুন ভেজাল ম্যাজিক মশলা জব্দ করে ডিবি। এ সময় হেমায়েতপুর (মেন্টালপাড়া) এলাকার বাসিন্দা মো. সবুজ ইসলামকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল হকের উপস্থিতিতে তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আরও ৯ কাটুন নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা, ৩ বস্তা ভেজাল ম্যাজিক মশলা, আধা বস্তা টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালে আটক ব্যক্তি জব্দকৃত পণ্য উৎপাদন ও সংরক্ষণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত সব ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার