ডিবি পরিচয়ে চাঁদাবাজি করা দুই জন গ্রেফতার পাবনায়
আব্দুল মোমিন সাগর, পাবনা: পাবনায় ডিবি পুলিশের পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) পাবনা জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকা থেকে মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার নিজ বাড়ি থেকে মো. আরিফুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাশিদুল ইসলামের নির্দেশনায় এসআই বেনু রায় ও এসআই জাকারিয়া মাসুমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করা হতো।
অভিযানে উদ্ধার হওয়া পাঁচটি মোবাইল ফোন ও ব্যবহৃত সিমকার্ড প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্তে আরও জানা যায়, চক্রের অন্য সদস্যরা ভুয়া নিবন্ধনে নেওয়া সিমকার্ড বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করত এবং বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করে চাঁদার অর্থ সংগ্রহ করত। দীর্ঘদিন ধরে একই কৌশলে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার হওয়া দুইজনসহ আরও দুইজন নামীয় এবং ২-৩ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় পেনাল কোডের ১৭০, ৩৮৪, ৪১৯, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেফতার এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ ফোন করে অর্থ দাবি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment