খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি পিস্তল-গুলিসহ গ্রেফতার
আব্দুল মোমিন সাগর, পাবনা :
ঈশ্বরদীর আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে টেম্পু আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তার বাড়ি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আসামির বসতঘর এবং রান্নাঘরের পেছনে টিনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির ম্যাগাজিনে দুই রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এছাড়াও একটি ধারালো তলোয়ার এবং দুটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আলম প্রামানিক ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর (বিশুতলা) এলাকার মৃত খবির প্রামানিকের ছেলে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তলোয়ার, ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাপাতি, ১৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো ব্লেড চাপাতি এবং একটি বাটন মোবাইল ফোন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ আরও জানায়, আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: পাবনা জেলা পুলিশ।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment