পাবনায় ৪৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল আনুমানিক পৌঁনে ৬ টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের রাজ্জাকের গ্যারেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. অনিক মাহমুদ (২২)। তিনি ঈশ্বরদী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মো. শাহিন হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক মাহমুদ দীর্ঘদিন ধরে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ ও নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত অনিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment