গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরেকজন নিহত—পাবনায় রক্তাক্ত সন্ধ্যা

আব্দুল মোমিন সাগর : পাবনা শহরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এবং অন্য ঘটনায় ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৌর এলাকার মাসুম বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের আলী হোসেন (৫৩) এবং সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মনিরুল ইসলাম (২১)। মনিরুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে আলী হোসেন তার সন্তানকে জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় পৌঁছে দিতে শহরের মাসুম বাজার এলাকায় যান। মাদ্রাসার প্রধান ফটকের সামনে রিকশা থেকে নামার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সন্তানের সামনেই সংঘটিত এ হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে শহরের নিউ নাইস পেট্রোল পাম্পের পেছনের এলাকায় আরেকটি হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুই যুবক একসঙ্গে সেখানে প্রবেশ করার পর তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাকিব নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে মনিরুল ইসলামকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মনিরুল দৌড়ে নিকটস্থ পুলিশ বক্সের সামনে এসে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে ধাওয়া করে পুলিশ। পালানোর সময় তিনি কচুরিপানায় ঢাকা একটি পুকুরে ঝাঁপ দিলে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা জানান, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার