ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে আলোচনায় পাবনার অনিক
এসএম আদনান উদ্দিন :
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন পাবনার সদর পৌরসভার শালগাড়িয়া এলাকার সন্তান সৈয়দ ইমাম হাসান অনিক। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই ছাত্রনেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান সংগঠনের অনেক নেতাকর্মী।
সৈয়দ ইমাম হাসান অনিক বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ছাত্রদল মনোনীত সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিক বিএনপি-সমর্থক পরিবারে বেড়ে উঠেছেন। ছাত্রজীবনের শুরুতেই পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নকালে পাবনা জেলা ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে পাবনা শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনে নিজের অবস্থান তৈরি করেন।
সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, ছাত্রজীবনের বিভিন্ন সময়ে তিনি আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন অনিক। বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ ও সাংগঠনিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে তিনি ছাত্রদলের একজন পরিচিত মুখে পরিণত হন। ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের নানা কর্মসূচিতে তার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হলের ভিপি পদপ্রার্থী মো. আশিকুর রহমান বলেন, “অনিক দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে জাতীয়তাবাদী রাজনীতির চর্চা করছেন। সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের কল্যাণে তার ভূমিকা প্রশংসনীয়। এজন্য তিনি শিক্ষার্থীদের কাছেও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।”
শহীদ জিয়াউর রহমান হল সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক রায়হান আহমেদ বলেন, “আধিপত্যবিরোধী আন্দোলনে অনিক সবসময় দৃঢ় অবস্থানে ছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি।”
সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল আমিন গালিব বলেন, “ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে অনিকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তাকে সবসময় সামনের সারিতে দেখা গেছে। নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই।”
উল্লেখ্য, সৈয়দ ইমাম হাসান অনিক এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment