পাবনায় তিন মাদক কারবারির জেল ও লাখ টাকা জরিমানা
আব্দুল মোমিন সাগর :
পাবনার বেড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। একই সঙ্গে একজনের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৈটোলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে আবদুল কাদেরকে তিন মাসের কারাদণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে শামীম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মৈত্রবাঁধা এলাকায় পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী স্বপন সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান, মাদকের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment