পাবনায় স্বর্ণালংকার উদ্ধারসহ ডাকাত চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : পাবনায় নবনিযুক্ত পুলিশ সুপার মো. ছূফি উল্লাহর কঠোর নির্দেশনা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডাকাতি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। ফরিদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পাবনা জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রৌপ্য সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার (৮ মে) বিকেল প্রায় ৩টার দিকে ফরিদপুর থানা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনূর রহমান। তার তত্ত্বাবধানে ফরিদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্র জানা জায়, থানা পট্টি এলাকায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার মানপুর গ্রামের মামান মালেক সনির ছেলে মো. ফারুক সনি (৩৪), দেবিদ্বার উপজেলার স্থানারপুল এলাকার মৃত মতি মিয়া সরকারের ছেলে মো. ওমর ফারুক সরকার (২৫) এবং একই উপজেলার ঘিনাইয়া গ্রামের মৃত তফদল মিয়া ওরফে মোহন মিয়া চৌধুরীর ছেলে জয়নাল চৌধুরী (৩৫)। আটককৃতদের দেহ তল্লাশি করে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আনুমানিক আড়াই ভরি স্বর্ণালংকার, বিপুল পরিমাণ রৌপ্য সামগ্রী ও দেশীয় অস্ত্রসদৃশ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চক্রটির আরও সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে বিভিন্ন স্থানে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনূর রহমান বলেন, নবাগত পুলিশ সুপার মো. ছূফি উল্লাহর দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের এ অভিযানে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার