পাবনায় অপহরণ মামলার সাক্ষী দেয়ায় কুপিয়ে জখম ৭

রাকিব হাসনাত : পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে অপহরণ মামলার সাক্ষ্য দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ইসলাম গাতীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান দিলু (৫০), তার ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সাব্বির হোসেন (২৩), ইয়াকুব আলী খানের ছেলে জাকির হোসেন (২৫), মেহেদী হাসান দিলুর স্ত্রী আকলিমা খাতুন (৪৩), ইয়াকুব আলী খান (৫৫) এবং তার স্ত্রী জহুরা খাতুন (৪৫)। মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আরিফ শেখসহ একটি সংঘবদ্ধ চক্র গত ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এক তরুণীকে অপহরণ করে। ওই ঘটনায় মেহেদী হাসান দিলু সাক্ষ্য দিলে তার সঙ্গে অভিযুক্তদের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এর জের ধরে মঙ্গলবার বিকেলে হামলাকারীরা মেহেদী হাসান দিলুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও গালিগালাজ করে। এসময় বাধা দিলে আরিফ শেখ ও জসিম উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র, চাপাতি, লাঠিসোটা ও জিআই পাইপ নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মেহেদী হাসান দিলু বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এখনো তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার চাই।” এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার