সংসদে শিমুল বিশ্বাসের উত্থাপিত ওয়াই প্যাটার্ন সেতু ও পদ্মা ব্যারেজ প্রস্তাব আলোচনায়
নিজস্ব প্রতিবেদক :
দেশের সম্ভাবনাময় দুটি বৃহৎ অবকাঠামো প্রকল্প— “ওয়াই প্যাটার্ন সেতু” ও “পদ্মা ব্যারেজ” নির্মাণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত ৬ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এ দুটি প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করেন।
জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদে উন্নয়নভিত্তিক এ ধরনের বড় প্রকল্পের প্রস্তাবগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আলোচিত উদ্যোগ। বিশেষ করে “ওয়াই প্যাটার্ন সেতু” প্রকল্পকে পাবনাসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে।
সংসদে প্রস্তাব উত্থাপনের পর বিষয়টি বাস্তবায়নে দাপ্তরিক কার্যক্রমও শুরু করেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস। গত ১৩ মে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে ডিও লেটারের মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠান। পরে ১৪ মে মন্ত্রী আবেদনটি সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এদিকে ১৮ মে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম এবং সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস যৌথভাবে “ওয়াই প্যাটার্ন সেতু” নির্মাণের প্রয়োজনীয়তা বিভিন্ন পর্যায়ে তুলে ধরেন। এর আগে তারা একাধিক বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে প্রকল্পটির পক্ষে জনমত তৈরির উদ্যোগ নেন।
সর্বশেষ ২৪ মে প্রকল্পটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুল বিশ্বাসের দাপ্তরিক আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথির ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাক্ষর দেখা যায়।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment