পাবনায় ন্যাংড়া মুন্না চোর গ্রেফতার—উদ্ধার ৫ মোটরসাইকেল
আব্দুল মোমিন সাগর :
পাবনায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত মোটরসাইকেল চোর মুন্না ওরফে ‘ন্যাংড়া মুন্না’কে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ সময় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ২০ মে পাবনা শহরের মুজাহিদ ক্লাব ও বাংলা বাজার এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চক্রের সদস্য মুন্নার অবস্থান শনাক্ত করা হলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পারুলিয়া চর এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পাবনার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী পাবনার আমিনপুরের কল্যাণপুর চর এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল। এর মধ্যে রয়েছে ডিসকভার ১১০ সিসি, প্লাটিনা ১১০ সিসি, পালসার ১৫০ সিসি, প্লাটিনা ১০০ সিসিসহ আরও একটি ১৫০ সিসির মোটরসাইকেল।
পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment