দুর্নীতির অভিযোগে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক জেলে

স্টাফ রিপোর্টার: দুদক (দুর্নীতি দমন কমিশনে) দায়ের করা ছয়টি পৃথক মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালত-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে সরাসরি জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হাসপাতালের কেনাকাটা, ওষুধ সরবরাহ এবং বিভিন্ন প্রশাসনিক কাজে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শহিদুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেন। নির্ধারিত তারিখে এসব মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন ডা. তন্ময়। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে জামিন নামঞ্জুর করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, হাসপাতালের উন্নয়ন প্রকল্প, খাদ্য ও ওষুধ সরবরাহ সংক্রান্ত বরাদ্দকৃত অর্থে অনিয়ম ও আত্মসাতের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাগুলো দায়ের করা হয়। এদিকে, সাবেক এই কর্মকর্তার কারাগারে যাওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য খাতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার