ট্রাফিক নিয়ন্ত্রণহীনতায় অবরুদ্ধ পাবনার বড় বাজার — ভোগান্তিতে নাজেহাল জনজীবন
জুয়েল সানী চৌধুরী
পাবনা শহরের অন্যতম ব্যস্ত এলাকা বড় বাজারে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পানির ট্যাংক, জুবীলি ট্যাংক, দইবাজার মোড়, এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোড—এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ ও সিগন্যাল ব্যবস্থা না থাকায় যানবাহনগুলো চলছে সম্পূর্ণ ইচ্ছামতো। ফলে যেখানে-সেখানে জটলা তৈরি হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বিশেষ করে বাজার করতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
বাজারে কেনাকাটা শেষে ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফেরা যেন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের দীর্ঘ জটের কারণে অনেক সময় পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারছেন না। এতে করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।
স্কুল ও অফিস সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডসহ আশপাশের এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। প্রতিদিনই সময় নষ্টের পাশাপাশি বাড়ছে মানসিক চাপ।
এলাকাবাসী ও সচেতন নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নির্দিষ্ট পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন, সিগন্যাল লাইট স্থাপন এবং অবৈধ রিক্সা, রিক্সা ভ্যান মোটরসাইকেল পার্কিং নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন ভুক্তভোগী জনসাধারণ।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment