পাবনায় প্রায় আট লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
স্টাফ রিপোর্টার | সিএনএফ টিভি পাবনা, ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পাবনা জেলার সর্ববৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫, যেখানে প্রায় ৮ লক্ষ শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত এক কনসালটেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবীর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে টাইফয়েড জ্বরের ঝুঁকি, প্রতিরোধ ব্যবস্থা ও ক্যাম্পেইনের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
টিকাদান সময়সূচি ও কেন্দ্রসমূহ
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,
জেলার ২৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিজ নিজ স্কুলেই টাইফয়েড টিকা পাবে।
স্কুলবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার ১৮৬০টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪টি পৌরসভা (পাবনা, ঈশ্বরদী, সুজানগর ও বেড়া) এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্রে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে।
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম জানান, এই ক্যাম্পেইন সফল করতে সরকার, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment