পাবনায় ১১ বছরের মাদ্রাসাছাত্র অপহরণের পর উদ্ধার
রিপোর্টার: আব্দুল মমিন হোসেন সাগর
পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র লামিম আহমেদ ফয়সাল (১১) অপহরণের পর র্যাবের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে। কিছুক্ষণ পরেই দুপুর আনুমানিক ১২টার সময় ফয়সালের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে। বিষয়টি সঙ্গে সঙ্গে ফয়সালের বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম আশ্বাস দিয়ে বলেন, “ছেলেটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।”
পরে র্যাব-১২ পাবনার একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি তেল পাম্প সংলগ্ন স্থান থেকে লামিম আহমেদ ফয়সালকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীর নাম হোসাইন আহমেদ। সে পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন স্বীকার করেছে, একাই টাকার লোভে সে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।
র্যাব ও পুলিশ যৌথভাবে সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তাকে পাবনা সদর থানার জিম্মায় হস্তান্তর করা হয়।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment