সাপ্তাহিক ছুটিতে সক্রিয় হয় পাবনা চরঘোষপুরের বালু মহাল
পাবনা প্রতিনিধি :
সন্ধ্যা নামতেই সক্রিয় হয়ে ওঠে পাবনার চরঘোষপুর এলাকার বালু উত্তোলনকারী চক্র। চরঘোষপুর, কুটিপাড়া, লাইব্রেরি বাজার, জজকোর্ট ও অনন্ত বাজার রুটে চলাচল করে অসংখ্য ড্রাম ট্রাক। এসব গাড়িতে নিরাপত্তা ত্রিপল না থাকায় চলন্ত অবস্থায় বালু উড়ে গিয়ে আশপাশের পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাতাসে ছড়িয়ে পড়া বালু মানুষের চোখ, মুখ, নাকসহ শরীরের বিভিন্ন অংশে ঢুকে চুলকানি ও শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি করছে। এতে একদিকে যেমন পরিবেশে বায়ু দূষণ হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা কঠিন হয়ে পড়েছে।
পথচারী রবিউল ইসলাম জানান, “এইমাত্র ডাক্তারের কাছ থেকে এলাম। আমার এলার্জির সমস্যা রয়েছে। ডাক্তার ধুলাবালু থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু একটি ড্রাম ট্রাক হঠাৎ এসে সারা শরীরে বালু ছিটিয়ে দিয়ে গেল। প্রায়ই রাস্তায় বের হলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।”
রিকশাচালক ওসমান গনি বলেন, “এসব গাড়ির পেছনে থাকলে চোখে-মুখে বালু ঢুকে যায়। চোখ চুলকায়, দাঁতের নিচে পড়ে, চুলে আটকে যায় এবং গা চুলকায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, “এসব ধুলাবালুতে দোকানভর্তি হয়ে যায়। কত আর পরিস্কার করবো? নোংরা পণ্য কেউ নিতে চায় না। গাড়িগুলো যদি বালু ঢেকে চালাতো, তাহলে ধুলাবালু কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতো।”
এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার নাহারুল ইসলাম বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। জনগণের ভোগান্তি হচ্ছে শুনে আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”
সিএনএফ টিভি।
Comments
Post a Comment