সাঁথিয়ায় অনুমোদনহীন ব্যাটারি রিসাইকেল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রহমতুল্লাহ দোলন :
পাবনার সাঁথিয়ায় অনুমোদনহীন ব্যাটারি রিসাইকেল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
১০ জুলাই পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে রাজাপুর, বনগ্রাম, সাঁথিয়া ঠিকানায় অবস্থিত মেসার্স এম অ্যান্ড এস ইলেক্ট্রো মিনারেল কারখানায় অভিযান পরিচালিত হয়।
অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র না নিয়েই ব্যাটারি রিসাইকেল কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সহায়তা প্রদান করেন।
এর আগেও একই অপরাধে কারখানাটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment