পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার

রাকিব হাসনাত : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে ভাঁড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আতঙ্কে জনপদখ্যাত ভাঁড়ারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওই বছরের ১১ ডিসেম্বর নৌকার প্রার্থী ও তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। পরে ২০২২ সালের ১৫ জুন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী টানা ২৫ বছরের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আবু সাঈদ খান। আর মো. সুলতান মাহমুদ উপজেলার বর্তমান চেয়ারম্যান মোশারোফ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ প্রসঙ্গে জানতে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারোফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার