পাবনায় ডিএনসির অভিযানে ৪ মাদকসেবীর কারা ও অর্থদণ্ড
আব্দুল মোমিন সাগর :
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর ও কাচারিপাড়া এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া ও মশুরিয়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— কাচারিপাড়ার মো. মহিউল ইসলাম ওরফে জুলেট (৪৫), দক্ষিণ রাঘবপুরের মো. মানিক শেখ (৩৮), দাশুড়িয়া হিন্দুপাড়ার মো. হিট আক্তার (৫১) এবং মুলাডুলি স্টেশনপাড়ার মো. মুন্না (৪০)।
ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, চলতি জুন মাসে এ পর্যন্ত ১০১ জনকে মাদকসংক্রান্ত অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment