পাবনা সদরে গাঁজা-ইয়াবাসহ আটক ৫
আব্দুল মোমিন সাগর :
পাবনা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ৪৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেল উপজেলার বিভিন্ন মাদক স্পটে একাধিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধ মাদকদ্রব্যসহ মোট পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ২০ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন প্রদান করেন। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এদিন পাবনা ‘ক’ সার্কেলের আওতায় মোট ৫টি মোবাইল কোর্ট অভিযান ও ২টি নিয়মিত অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে ৫টি মামলা দায়ের করা হলেও নিয়মিত কোনো মামলা হয়নি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “মাদকের আগ্রাসন রোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।”
সিএনএফ টিভি।
Comments
Post a Comment