পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি—থানায় জিডি
বেড়া প্রতিনিধি :
পাবনার বেড়ায় এক সংবাদ কর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও পরিবার-পরিজনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে বুধবার (২৬ আগস্ট) বেড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং- ১৩০৩) দায়ের করেছেন ভুক্তভোগী সরকার আরিফ ইফতেখার (৩৩)।
জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিকেল ৪টা ২৩ মিনিটে ০১৩৪৪-৬১৪২৫৬ নম্বর থেকে আরিফ ইফতেখারের ব্যক্তিগত নম্বরে কল করে এক ব্যক্তি প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি করার হুমকি দেন।
জিডিতে ভুক্তভোগী আরিফ জানান, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের বিষয়টিকে কেন্দ্র করে তাকে দায়ী করছেন জনৈক বালু ব্যবসায়ী। ওই প্রতিষ্ঠানের মালিক পরিচয়দানকারী ব্যক্তি ফোনে তার বিরুদ্ধে বালু ব্যবসার ক্ষতির অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন।
তবে আরিফ ইফতেখার উল্লেখ করেন, তিনি উপজেলা প্রশাসনের কেউ নন, কেবল একজন গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার ঘটনার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল না।
এ ঘটনার পর আরিফ ও তার পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে আইনি সুরক্ষার সুবিধার্থে তিনি বেড়া থানায় উপস্থিত হয়ে এই সাধারণ ডায়রি দায়ের করেন।
এ বিষয়ে বেড়া থানার ডিউটি অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment