পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের যোগদান অপরাধ ও মাদক দমনে নতুন প্রত্যাশা
আব্দুল মোমিন সাগর :
অপরাধ ও মাদকমুক্ত পাবনা গড়ার চলমান অভিযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে। পাবনা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে বুধবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বুধবার পাবনা জেলা পুলিশ কার্যালয়ে যোগদানের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবু আশ্রাফকে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই পুলিশ কর্মকর্তার যোগদানে পাবনায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্বে জেলা পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে সাহসী ও আপসহীন ভূমিকা রেখে আলোচনায় আসেন বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। স্বল্প মেয়াদে পাবনায় দায়িত্ব পালন করা এই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)তে বদলি করা হয়েছে।
বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিলেন আবু আশ্রাফ। তাঁর যোগদানের মধ্য দিয়ে পাবনায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন জেলার সচেতন মহল।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নবাগত পুলিশ সুপার পাবনাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা এখন জেলার মানুষের।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment