পাবনায় ডিবির অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আরশেদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, পাবনা :
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২০টি মামলার আসামি হিসেবে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আরশেদ শেখ (৫৫)-কে ৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন পৌর এলাকার আব্দুল হামিদ রোডের আল-মুনসুর সুপার মার্কেটের সামনে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আরশেদ শেখকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেপ্তার হওয়া আরশেদ শেখ পাবনা সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত আজাহার শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা সদর এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment