ফিরোজ চৌধুরীর সংবাদ সম্মেলন : অপপ্রচার ও হামলার অভিযোগে বিচার দাবি
পিপ :পাবনার পরিবহন খাতের পরিচিত ব্যবসায়ী ও জমিদার আজিম চৌধুরীর বংশধর ফিরোজ চৌধুরী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। রোববার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লিখিত বক্তব্যে ফিরোজ চৌধুরী বলেন, সুজানগর উপজেলার চকগোবিন্দপুর মৌজার ডিএস ও এসএ ১৬ এবং ১৭ দাগের জমি তারা বৈধভাবে ক্রয়সূত্রে মালিকানাভুক্ত। পরবর্তীতে জমিটি ভুলক্রমে সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত হলে আদালতে মামলা করে রায়ের মাধ্যমে পুনরায় মালিকানা ফিরে পান। পরে প্রশাসনের সহযোগিতায় ওই জমি অবৈধ দখলমুক্ত করে তাদের বুঝিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের অনুরোধে ওই জমি থেকে ৫ শতাংশ জায়গা মসজিদের জন্য মৌখিকভাবে দান করা হয়। একইসঙ্গে বাকি অংশে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একটি দ্বিতল মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এ সময় শরীফ মনির ওরফে বিদ্যুৎ নামে এক ব্যক্তি মসজিদের নামে আরও জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি এবং চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
ফিরোজ চৌধুরীর দাবি, গত ৬ মে বিকেলে নির্মাণকাজ পরিদর্শনে গেলে শরীফ মনির ওরফে বিদ্যুতের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়, দোকানঘর ভাঙচুর করে এবং তাকে জোরপূর্বক কয়েকটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করায়।
ঘটনার পর তিনি পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলেও জানান। একইসঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফিরোজ চৌধুরী বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সমাজসেবা, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তাই তাদের পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment