পাবনায় র্যাবের অভিযান বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক
বিশেষ প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব সূত্র জানায়, সোমবার (১৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে ঈশ্বরদী থানাধীন রূপপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment