পাবনায় অবৈধ ইটভাটায় অভিযানে সাড়ে ২১ লাখ টাকা জরিমানা
আব্দুল মোমিন সাগর :
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব-১২, সড়ক ও জনপথ বিভাগ, আনসার ব্যাটালিয়ন, সিভিল সার্জন অফিস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে পরিবেশ আইন, ২০২৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোট ৭টি ইটভাটাকে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে অবৈধ চিমনিসহ বিভিন্ন স্থাপনা বিনষ্ট করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো—মেসার্স সততা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স সওতা ব্রিকস, মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ, মেসার্স বিএম ব্রিকস, মেসার্স বিকেবি ব্রিকস এবং মেসার্স এসএমবি ব্রিকস। প্রতিটি ইটভাটাকে ৩ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
এ সময় র্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment